যেভাবে জলের কাছে
লিখে রাখি ত্যাগসূত্র আদি—
শরীর, গোপন মায়া
ধীরে ধীরে নামে
কঠিন কঠোর তবু অন্ধ ভিখিরির হাত ধ’রে
আরেকটি গল্প লেখে, ভাবে—
লেখা কিছু জমে থাক আগামীর দিকে
আশা ভাঙে। জাগে শুধু ডুবে যাওয়া পুরোনো বন্দর
শান্ত মানুষের মতো; নির্মোহ ততটা ভেসে যায়
ততটুকু স্পর্ধা হলে, নাবিক তোমায়
স্পর্শ করা যায় নির্দ্ধিধায়!



























