বাঁশি যখন বেজে যায় তখন কী যে হয় এই পৃথিবীতে!
মনে হয় এক শূন্য মাঠের মধ্যে আমাকে ফেলে রেখে গেছে সুর।
মনে হয় নিষ্পত্র গাছগুলিতে একটি একটি করে জেগে উঠছে কচি পাতা।
মনে হয় রোদ্দুর হয়ে গেছে আধো আধো কথা বলা শিশু।
শীতকাল হলেও পৃথিবীতে কোথাও একটা নিশ্চয়ই শিউলি ফুটে, ঝরে
সাদা করে রেখেছে উঠোন
আর সেই উঠোনের মাঝে তুমি দাঁড়িয়ে আছ
আমাকে সম্পূর্ণ ভুলে গিয়ে,
সরস্বতী ঠাকুরের মতো হাতে পার্কারের কলম নিয়ে,
মাটির গয়নায় কুচযুগ শোভিত করে।
বাঁশি যখন বাজে তখন সারা পৃথিবীতে সত্য হয়ে উঠে সুর,
আর সে জলে, জঙ্গলে, অরণ্যে, পর্বতে, গৃহস্থের গৃহে
বলে যায় সেই চিরকালীন কুহেলী:
হেমন্তের কুয়াশার মতো হারিয়ে ফেলেছে, কিন্তু অমল তোমাকে ভোলেনি মিমিজান।



























