জানলার ধারে রোদ পোহাও তুমি
কত দশক… সন্তানের কতগুলো ভুল ভুল
কাজের নির্জন সাক্ষী হয়ে একাই পাহারায়
সে হাসির খানিক মুখে সাবলীল উত্তরাধিকার
কখনো বা সাজিয়ে নিয়ে এ পাহাড় থেকে
ও পাহাড়ে ছুটে বেড়ানো ‘আমি’র মধ্যে
কতগুলো দাঁড়টানা কাক কালো এলোমেলো
কখনো ভাবিনি অন্ধকার উজাড় হয়ে আসে
কোন পথে! কেমন করে রোদ টুকু মরে যায়
কি ক’রে ফ্রিজের অতি প্রয়োজন পচন ধরায়
ডিপ ফ্রিজিং দেখতে দেখতে ছবি থেকে
বেরিয়ে এসে মাথায় আঙুল ছোঁয়াও শুধু
নি:শেষ হতে থাকি দিন থেকে রাত
ক্রমশ যেতে যেতে বাকিটা জীবন… তুমি
এভাবে রোদ পোহাবে আমার পিঠের কাছে
শ্বাস প্রশ্বাস ওম্ মন্ত্রের বাতাস জড়াবেই অনি:শেষ



























