কোনও একদিন তুমি সেই উন্মত্ত কিশোরবেলার
নাম রাখতে চেয়েছিলে নিপীড়িত জনতার সরণি।
প্রকৃতিতে তখন প্রতিটি সচেতন প্রতিরোধ ছিল প্রগতি,
আর মেঘ ডাকলে সূর্যত্রাসে কেঁপে উঠত প্রতিক্রিয়া।
রথ দেখতে যাওয়ার মতো
তুমি সুদূর করে নিয়েছিলে তোমার দিগন্তরেখা,
স্বপ্নের সেই সাদা ঘোড়াটিকে নিয়ে
নিশ্চিন্ত স্ববিরোধে বেরিয়ে পড়েছিলে সাম্রাজ্যবিস্তারে,
খুরে খুরে ধুলোর ঝড় তুলে বিলিয়েছিলে কল্যাণ,
ফিরে এসেছিলে রাত পার করে
যখন অস্ত যাবে হাড়ের মতো সাদা হিম চাঁদ
আর তুমি ঘুমোবে।তোমার প্রতিটি স্পর্শে তার সর্বাঙ্গ তখন কেঁপে উঠত জ্বরে।
তারপর কোনও একদিন তুমি এই উন্মাদ পৃথিবীটার
নাম রাখতে চাইলে অকালবোধন।



























