অতল, আত্মবিস্মৃত, শেষত
শেষ কাকে বলে ?
উদ্বেগের পর উদ্বেগ, বিরতির পর পুনরাবৃত্তি নিয়ে
বেলা সাড়ে চারটেয় ধর্মতলা পেরিয়ে যাচ্ছে দুশো একুশ
মাঝমাঠ, খাদ্য আন্দোলন, একদিন একদিন
শহরে মানুষ পোড়ে, জিতে বেরিয়ে আসে হিমঋতু
‘এই যে ধাইন্যক্ষেত্র তা দ্যাখতে তো পয়সা লাগে না’
দেখতে দেখতে দেখে যাওয়া,
মানুষের এলোমেলো ভিড়, সিগনালে আলো নিভে যায়
সাবেক ম্যাগনোলিয়ার সামনে দাঁড়িয়ে
এইমাত্র বিকেলবেলায়,
দুয়েকজন বুঝে গেল ফিরে যেতে হবে না কোথাও
দূরের শহরে গেছ কতকাল,
কে যে গেছে, কারা রয়ে যায়
একটি তরুণ শব্দ ভিড় খায়,
ভিড় ঠেলে উঠে আসে ফুটপাথমুখী।
শেষ বাক্য যা লিখেছ কতকাল আগে,
কয়েক বিপ্লব আগে, কয়েক যৌথখামার?
তুই নাই বলে ওরে উন্মাদ, তালিকা মেলানো হয়
শেষ কাকে বলে —
মনে থাকে ঘোর শীতে ফুটনোট, অ্যালজোলাম
লাহিড়িই নাম ছিল…
কারফিউ লেগে যায় খুব ভোরবেলা






























































