পাতায় বৃষ্টির শব্দ সাংসারিক, দ্বিপ্রাহরিক।
আস্থা ও আশ্বাস থাকে, সমবেত, শুভানুধ্যায়ীর
পীড়া ও আরাম থাকে। যথাস্থান থাকে।
থাকে মেঘ, অস্পষ্ট ও গূঢ়, সম্পর্কের
অসহায়তার মতো, চিন্তা ও ক্ষমার মতো, পতনকালীন
বজ্র ও বিদ্যুৎভরা নৈশব্দের মতো।
পথেও স্তব্ধতা থাকে দ্রুতগামী; নৈকট্য ও নিশ্চয়তাভরা।
কোথাও স্থানাংক আছে, ছাদ আছে, দরজা ও রেলিংঘেরা
সুবাতাস আছে, আছে স্থিতি, হাতছানি, আছে।
বর্ষার প্রচ্ছন্ন দিনে এইসব মহাজাগতিক
দৃশ্যের প্রতিষ্ঠা হয়। পুনর্জন্ম হয়।





















































