কাকে বেছে নেব?
অলিভপাতা, নাকি ধুঁতরোফুল?
কে না জানে
সঠিক নির্বাচন না হলে
দু:খ পড়ে থাকে আনাচে কানাচে।
জলপ্রপাত অবিরাম দুগাল বেয়ে!
কাকে বেছে নেব?
শালবনে জ্যোৎস্নাপথ?
নাকি রাতের নদীজল?
কে হবে সঠিক নির্বাচন?
কার করপুট-স্পর্শে শঠতা নেই,
কারা কারা আমার বৃত্তে নিরাপদ হবে,
সেই সব নির্ভুল নির্বাচন সহজ নাকি?
নির্বাচন শব্দটি যে কত অমোঘ জীবনে!



























