কাকভোরে ঘুম ভাঙত। না, বোধহয় ভাঙাতেই হত।
কয়েকটা চুড়ি-বালা-টুংটাং আওয়াজ-
রান্নাঘর, পুজোঘর, উঠোন, শিউলিতলাজুড়ে
সারাদিন কাজ-কাজ-কাজ
ধ্যানসম একাগ্র। রান্নাকরার মাঝে বলতে গেলেই কিছু
সম্বিত ফিরত যেন!
সকলের রাত হয়। তাঁর তো হয় না।
সকাল-দুপুর-সন্ধে আঁচলের গিঁটে বেঁধে
বিলিয়ে দিতে দিতেই
ক্লান্ত একটা দেহ মাঝরাতে বিছানায়
হাই পাওয়ারের গ্লাস বালিশের পাশে রেখে
দুচোখ জুড়িয়ে এলে একদিন শুনেছি
‘বেলফুল আমার খুব প্রিয়’
কী তাঁর জন্মতিথি, কী ভাবত সারাদিন, কী খেতে ভালোবাসত
কিছুই জানা হল না…
শুধু বেলফুল প্রিয় ছিল, এটুকুই জানি…



























