মনে পড়ে সেইসব রবীন্দ্র-গানের সকাল
সূর্যাস্তের থেকে মুক্তি পেয়ে
ভাবলেশহীন কোনো সন্ধের পাশে
বেজে উঠত জড়োসড়ো
একবারও কেউ ডানা ঝাপটিয়ে উড়তে
চায়নি তখন
সাদামাটা বিকেলগুলো শুধু
এই ষড়যন্ত্রীর শহরে অন্ধকার
নামিয়ে রাখত প্রতিদিন
সেই সকাল থেকে ছুটে যেত সবাই
একে অপরের জামা-প্যান্ট উদোম করে ছুটত
তুমি শুধু সারাজীবন অপরাধীর মতো
মোমবাতি হাতে
রাস্তা পেরিয়ে ফুটপাথ পেরিয়ে
পাড়াগাঁয়ের নব্য ঘোমটা ঝুলিয়ে
বাইরের বিদ্যুৎ ঝিলিকের পরেও
বিকেলের হাতছানিকে পাত্তা না দিয়ে
দরজায় খিল এঁটে বসে থাকতে ভূতের মতন ।












































